11:16:27 pm
Sunday, August 30

মেয়র তাজকিনের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

সাতক্ষীরা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতিকে মেয়রের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করেছিল প্রশাসন। প্রশাসনের ওই আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেয়। মঙ্গলবার তিন মাসের জন্য বরখাস্তের আদেশ স্থগিত করে রুল জারি করেন আদালত। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ৬ ফেব্রুয়ারি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেয়র চিশতির নামে ২০২২ সালের ২৪ ডিসেম্বর ৫১ নম্বর এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর নম্বর-৯৬২/২০২২ নম্বর মামলা হয়। এর মধ্যে জিআর মামলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ কারণে তাকে মেয়র পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার বিভাগ। এর পরিপ্রেক্ষিতে মেয়র চিশতিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং ভারপ্রাপ্ত মেয়র হিসেবে পৌরসভা আইন ২০০৯-এর ৪০-২ ধারা অনুযায়ী প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে দায়িত্ব দেওয়া হয়। পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিকে চলতি বছরের ২৪ জানুয়ারি নাশকতার মামলায় কারাগারে পাঠান আদালত।

Share this post

Join the conversation