12:22:11 pm
Sunday, October 25

অভিনেত্রী শিমু হত্যা: দুই গৃহকর্মীর সাক্ষ্য

আলোচিত অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার বাল্যবন্ধু এস এম ফরহাদের বিরুদ্ধে বাসার দুই গৃহকর্মী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

বুধবার এ মামলায় সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। এদিন গৃহকর্মী শান্তা বেগম ও আমেনা বেগম হাজির হয়ে সাক্ষ্য প্রদান করেন। এ সময় ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন। এদিন আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। এরপর সাক্ষ্যেগ্রহণের জন্য ২ মার্চ তারিখ ধার্য করেন। সাক্ষ্যগ্রহণের সময় দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

গত বছরের ২৯ নভেম্বর শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও এস এম ফরহাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। গত ২৯ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

জানা যায়, গত বছরের ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলীপুর সেতুর কাছে পাকা রাস্তা সংলগ্ন ঝোপের ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায় ৩২ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের পরিচয় শনাক্ত করার জন্য আঙ্গুলের ছাপ নেওয়া হয়। পোস্টমর্টেমের জন্য মৃতদেহটি মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। 

তদন্তে জানা যায়, মৃতদেহটি অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর। দাম্পত্য কলহের জের ধরে ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৭-৮ টার মধ্যে যেকোনো সময় শিমুকে হত্যা করা হয়। এ ঘটনায় শিমুর ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। এরপর গ্রেফতারকৃত আসামি শিমুর স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল ও তার বন্ধু আব্দুল্লাহ ফরহাদ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

Share this post

Join the conversation