09:08:29 am
Thursday, September 03

সাদ্দাম-ইনান পরিষদকে স্বাগত জানালো কমিটিহীন শাবি ছাত্রলীগ

সাড়ে নয় বছর আগে হয়েছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগের সর্বশেষ কমিটি। দীর্ঘদিনের অপেক্ষার পর নতুন কমিটি না আসা সত্ত্বেও এমন পরিস্থিতিতে কমিটিহীন ছাত্রলীগ নেতা-কর্মীরা বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদক সাদ্দাম-ইনান পরিষদকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শাহপরান হল থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়।

সমাবেশে শাবি ছাত্রলীগের পক্ষে সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি হওয়ায় শাবি ছাত্রলীগ আনন্দিত ও উচ্ছ্বাসিত। নতুন নেতাদের স্বাগত জানাচ্ছি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

এসময় আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, সাবেক উপ গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক ফারহান রুবেল, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়া, ছাত্রলীগ নেতা পাভেল, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, ভৌতবিজ্ঞান অনুষদের যুগ্ম-আহ্বায়ক আনিসুর রহমান আনাস ও মো সেলিম হোসেন, পিএসএস বিভাগ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, লোক প্রশাসন বিভাগ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল আলম আকাশ, কম্পিউটার সায়েন্স বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ রানা, ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন প্রমুখ।

বুধবার (২১ ডিসেম্বর) রাতে গণভবন থেকে বের হয়ে নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের ১৩ দিন পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, শাবি ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয় ২০১৩ সালের ৮ মে। সাত সদস্যের কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। এরপর মেয়াদ উত্তীর্ণের দুই বছর পর ২০১৬ সালের ৮ মে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। ২০২১ সালের ১৭ জুন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য শাবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। কেন্দ্রীয় ছাত্রলীগে এই সাড়ে নয় বছরে চার চারবার নেতৃত্ব পরিবর্তন হলেও শাবি ছাত্রলীগের নতুন নেতৃত্ব দেখার কেউ নেই।

Share this post

Join the conversation