02:28:57 am
Thursday, September 03

সপ্তাহের ব্যবধানে স্বর্ণের ভরি ৯৩ হাজার টাকা ছাড়াল

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।  এতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৪২৯ টাকা দাঁড়িয়েছে। 

শনিবার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রোববার (১৫ জানুয়ারি) থেকে সোনার এ নতুন দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৪২৯ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ৮৯ হাজার ১৭১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৪৫৮ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮০৭ টাকা বাড়িয়ে ৬৩ হাজার ৬৮৫ টাকা করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ১ হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে।

চলতি বছরের ৮ জানুয়ারি, গত বছরের ৩০ ও ৪ ডিসেম্বর এবং ১৮ ও ১৩ নভেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। ফলে দুই মাসের ব্যবধানে দেশের বাজারে ছয় দফা সোনার দাম বাড়লো। এতে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে দামি এ ধাতুর দাম।

এর আগে কখনো দেশের বাজারে সোনার ভরি ৯৩ হাজার টাকা স্পর্শ করেনি। গত ৮ জানুয়ারি সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়। এতে এক ভরি সোনার দাম দাঁড়ায় ৯০ হাজার ৭৪৬ টাকা করা। দেশের বাজারে ওই প্রথম সোনার ভরি ৯০ হাজার টাকা স্পর্শ করে।

Share this post

Join the conversation