সিটবেল্ট ইস্যুতে জরিমানার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই সমালোচনার মুখে পড়লেন ঋষি সুনাক। সিটবেল্ট ছাড়া গাড়িতে চড়ে এবং তার ভিডিও ধারণ করে এই সমালোচনায় পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরইমধ্যে এ ঘটনায় ক্ষমা চেয়েছেন তিনি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র এনডিটিভিকে বলেন বলেন, ‘সুনাক অল্প সময়ের জন্য তার সিটবেল্ট সরিয়েছিলেন। তিনি ভুল স্বীকার করেছেন। ছোট একটি ভিডিও ধারণ করার জন্য প্রধানমন্ত্রী তার সিটবেল্ট খুলে ছিলেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উত্তর-পশ্চিম ইংল্যান্ডের একট স্থানে যাওয়ার সময় চলন্ত গাড়িতে সিটবেল্ট ছাড়াই রয়েছেন ব্রিটিশ প্রধামন্ত্রী।
যুক্তরাজ্যে আইন অনুযায়ী, সিটবেল্ট না পরলে একজন ব্যক্তির ৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। এ নিয়ে ল্যাঙ্কাশায়ার পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, তারা বিষয়টি খতিয়ে দেখছে।
প্রধানমন্ত্রী হওয়ার পর বেশ কয়েকটি স্বল্প পরিসরের ভ্রমণে বিমান ব্যবহার করে এর আগেই ঋষি বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন।
বিরোধী লেবার পার্টির পক্ষ থেকে সুনাকের সমালোচনা করে বলা হয়, কীভাবে সিটবেল্ট, ডেবিট কার্ড, ট্রেন পরিষেবা ব্যবহার করতে হয়, তা সুনাক জানেন না।

Join the conversation