নিরাপত্তাকর্মী রবার্ট নাবাবান (৩৭) এ যাত্রায় প্রাণে বেঁচে যাবেন এ কথা কস্মিনকালেও ভাবেননি।
২৩ ফুট লম্বা বিশাল আকৃতির অজগরের সঙ্গে লড়াই করে নাবাবান নিজেকে রক্ষা করতে পারলেও শেষ রক্ষা হয়নি দৈত্যাকৃতির ওই সাপটির। খবর বিবিসি ও টেলিগ্রাফের।
ইন্দোনেশিয়ার সুমাত্রার বাতাং গানসাল এলাকায় গত শনিবার মানুষ এবং অজগরের লড়াইয়ে অজগরটির পরাজয় হলে স্থানীয় লোকজন সাপটিকে খেয়ে ফেলে।
একটি পাম বাগানের রাস্তায় সাপটির মুখোমুখি হন নিরাপত্তাকর্মী রবার্ট নাবাবান।
প্রায় ২৩ ফুট লম্বা সাপটিকে নাবাবান ধরার চেষ্টা করলে সাপটি তাকে আক্রমণ করে। নাবাবানের সঙ্গে যোগ দেন এলাকাবাসী। মানুষ আর অজগরের এই লড়াই চলতে থাকে।
এক পর্যায়ে গ্রামবাসীরা অজগরটি মেরে ফেলে। এই লড়াইয়ে মারাত্মক জখম হন নাবাবান।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সাপটি নাবাবানের বাম হাতে ধারাল দাঁত বসিয়ে দেয় এবং অল্পের জন্য হাতটা রক্ষা পায়।
তাকে উদ্ধার করে এলাকাবাসী দ্রুত হাসপাতালে নিয়ে যায়। নাবাবান এখন সেখানেই চিকিৎসাধীন আছেন।
মৃত অজগরটিকে প্রথমে প্রদর্শনের জন্য গ্রামের রাস্তায় ঝুলিয়ে রাখে এলাকাবাসী, তারপর সাপটাকে কেটে টুকরো করে খেয়ে ফেলে তারা।
গত মার্চেও ওই এলাকায় একজনকে গিলে খেয়েছিল একটি অজগর।



Comments: