গোটা টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করেছেন রুবেল হোসেন। ফাইনালেও আগুন ঝরিয়েছেন। নিদাহাস ট্রফি নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম তিনওভারে দিয়েছিলেন মাত্র ১৩ রান। এর মধ্যে ২ উইকেট তুলে নিয়ে পড়শিদের রান তোলার লাগাম টেনে ধরেছিলেন তিনিই।
কিন্তু ১৯তম ওভারে সব এলোমেলো করে দিলেন রিভার্স সুইং তারকা। ওই সময় জয়ের জন্য ভারতের দুই ওভারে প্রয়োজন ৩৪ রান।
অথচ এক ওভারেই দিয়ে ফেললেন ২২ রান। এদিন রূদ্রমূর্তি ধারণ করেছিলেন ভারতীয় ব্যাটার দিনেশ কার্তিক।
ওই ওভারে ঝড় তোলার পাশাপাশি ইনিংসের শেষ বলে সৌম্যকে ছক্কা হাঁকিয়ে টাইগারদের কাঁদিয়ে শিরোপা নিজেদের করে নেন।
আসলে গোটা ম্যাচের নিয়ন্ত্রণ ওই ১৯তম ওভারেই নিয়ে নেয় ভারত। তাই সবার চোখে খলনায়ক বনে যান রুবেল। এতে হতাশায় মুষড়ে পড়েন তিনি।
ম্যাচ শেষে তাই দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চান এ গতিতারকা।
টুইটারে লিখেছেন- আমি জানি এটি আমার ভুল। তবে সততার সঙ্গেই বলছি, আমি কখনও চিন্তা করিনি- একমাত্র আমার ভুলের কারণে এমন উইনিং সিচুয়েশন থেকে হারবে বাংলাদেশ। আমি আমার দেশের সবার কাছে ক্ষমা চাচ্ছি। দয়া করে আমাকে সবাই ক্ষমা করবেন।
বিশ্লেষণ করলে দেখা যায়, ডেথ ওভারে কার্তিকের ব্যাকরণহীন ও অতিমানবীয় ব্যাটিংয়ে সব লণ্ডভণ্ড হয়ে যায়।
তাই দুঃখ ভারাক্রান্ত না হয়ে রুবেলকে মাথা উঁচুতে রাখার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিডস্টার ব্রেট লি।
গতির ঝড় তুলে প্রতিপক্ষ ব্যাটসম্যানের বুকে কাঁপন ধরানো এ অজি বোলার টুইটবার্তায় লিখেছেন, ‘তোমার মাথা উঁচু রাখ রুবেল। তুমি তোমার সেরাটা দিয়ে চেষ্টা করেছিলে। আমি নিশ্চিত, তোমার জন্য তোমার দেশ গর্বিত।’
ক্ষমা চাইলেন রুবেল
‘ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনই ভাবিনি, আমার কারণে জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে বাংলাদেশ। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দেবেন সবাই।’- নিদাহাস ট্রফির রুদ্ধশ্বাস ফাইনালের শেষ বলে ভারতের কাছে হেরে এমনই আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ পেসার রুবেল হোসেন।
রাত ১টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দেন তিনি।
শেষ ওভারে বোলার সৌম্য সরকার হলেও হারের দায়টা পড়ছে আগের ওভারে ২২ রান দেয়া রুবেলের কাঁধে। যদিও ওই একটি ওভার ছাড়া এদিন শুরু থেকে দুর্দান্ত বল করেছেন তিনি।
আগের তিন ওভারে মাত্র ১৩ রান দিয়ে ইনফর্ম ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার উইকেট তুলে নিয়ে ম্যাচটিকে শেষ ওভারে নেয়ার পেছনে তার অবদানও কম ছিল না।
কিন্তু নিয়তির নির্মম পরিহাস, ১৯তম ওভারেই সেই রুবেল দিলেন ২২ রান। একই সঙ্গে ম্যাচটিও অনেকটা হেলে যায় ভারতের নিয়ন্ত্রণে। তাই হারের দায় অনেকটা যে নিজের ওপর পড়ছে, সেটি উপলব্ধি করতে পেরেছেন এ ডানহাতি পেসার।
এ কারণেই ফেসবুকে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন রিভার্স সুইং তারকা।




Comments: