চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ২৫ মিনিটে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোসের ভয়াবহ বাজে ট্যাকলের শিকার হন মোহাম্মদ সালাহ। এতে মাঠে লুটিয়ে পড়েন তিনি।
ফিজিও এসে চিকিৎসাও দেন। তবু লড়াইয়ের ময়দানে থাকতে পারেননি হালের ক্রেজ। কাঁদতে কাঁদতে মাঠ থেকে বিদায় নেন তিনি।
শেষ পর্যন্ত রিয়ালের কাছে ৩-১ গোলে হেরে শিরোপার আশা জলাঞ্জলি দিতে হয় লিভারপুলকে।
পরে জানা যায়, সালাহর ইনজুরি গুরুতর। এতে বিশ্বকাপেই তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে যে কোনো মূল্যে আসন্ন বিশ্ব মঞ্চে পারফরম করতে চান মিসরীয় কিং।
তাই উন্নত চিকিৎসার জন্য স্পেনে উড়াল দিয়েছেন তিনি।
ইনজুরিতে পড়লেও বিশ্বকাপে খেলার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী সালাহ। তার সুস্থতার ব্যাপারে আপসহীন কর্তৃপক্ষ। উন্নত চিকিৎসার জন্য স্পেনের পথে পাড়ি দিয়েছেন ২৫ বছর বয়সী তারকা।
সেখানে তার চিকিৎসার যাবতীয় ব্যাপার দেখভাল করা হবে বলে জানিয়েছে মিসরের ফুটবল ফেডারেশন (ইএফএফ)।
এতে কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন ভক্তকুল। এ নিয়ে মিসরের ক্রীড়ামন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তাতে আরও খুশি হতে পারেন তারা। ক্রীড়ামন্ত্রীর ভাষ্য, সালাহর সেরে উঠতে বড়জোর সময় লাগবে দুই সপ্তাহ।
তেমনটা হলে ১২ জুনের মধ্যেই সেরে উঠবেন দ্য ফারাওখ্যাত ফুটবলার।
স্বাভাবিকভাবেই ১৪ জুন শুরু হতে যাওয়া বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে অংশ নিতে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে বিমানও ধরতে পারবেন।




Comments: